ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিভিন্ন ধারায় আজ ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি. বৃহস্পতিবার মোট ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। যাতে ৮৯ যশোর-৫ আসনের বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিদের মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ আনুমানিক দুপুর ০২ঘটিকায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রবেশদ্বারে নির্বাচনী প্রচারণার ব্যানার ঝুলিয়ে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ধারা ৭(গ) ভঙ্গের অপরাধে কলস মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে গাছে নির্বাচনী প্রচারণা সামগ্রী ঝোলানোর অপরাধে একই ধারায় ধানের শীষ, হাতপাখা এবং লাঙ্গল মার্কার প্রার্থীর প্রতিনিধিকে শ্যামকুড় ও চালুয়াহাটি ইউনিয়নে পরিচালিত ৩টি পৃথক মোবাইল কোর্টে মোট ১৫,০০০ (পনের হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া শ্যামকুড় ইউনিয়নের চিনেটোলা বাজারে নির্বাচনী প্রচারণায় আলোকসজ্জা ব্যবহারের মাধ্যমে আচরণ বিধিমালা ২০২৫-এর ১৩(গ) ভঙ্গের অপরাধে প্রার্থীর প্রতিনিধিকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন-এর পক্ষে এই ৫টি অভিযান পরিচালনা করেন জনাব মাহির দায়ান আমিন, সহকারী কমিশনার (ভূমি), মণিরামপুর এবং জনাব মোঃ তাওমীদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যশোর। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন মণিরামপুর থানা এবং অস্থায়ী ক্যাম্পে অবস্থানকারী বাংলাদেশ সেনাবাহিনী-এর সদস্যবৃন্দ।